১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ২ জনের ঝুলন্ত লাশ, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 06:07 PM

Updated : 14 Oct 2026, 06:07 PM

রাজধানীর বাড্ডা থেকে এক গৃহবধূ এবং মুগদা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা দুজনেই ‘আত্মহত্যা করেছেন’।

বুধবার দুপুরের দিকে লাশ দুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে বাড্ডা ও মুগদা থানা পুলিশ জানিয়েছে।

ওই দুজন হলেন- মেহেরিন আক্তার মীম (২৫) ও আরিয়ান ফারদিন (২৩)। মীমের বাড়ি ঢাকার নবাবগঞ্জের পালবাড়ি ঘাট এলাকায়। ফারদিন পরিবারের সঙ্গে মুগদার বাসায় থাকতেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে পূর্ব মেরুল কাঁচাবাজার গলির একটি বাসা থেকে মীমের লাশ উদ্ধার করা হয়। ভাড়া বাসায় স্বামীর সঙ্গে তিনি থাকতেন।

বাড্ডা থানার এসআই আনোয়ারা আক্তার বলেন, “প্রাথমিক তদন্ত ও পরিবারের বরাতে আমরা জানতে পেরেছি, পরিবার ও শ্বশুরবাড়ির সঙ্গে তার বিরোধ চলছিল। মৃত্যুর আগেও মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। পারিবারিক মানসিক চাপ ও দাম্পত্য কলহের জেরে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

অপরদিকে ফারদিনের ঝুলন্ত লাশ মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে উদ্ধার করা হয় মুগদার উত্তর মানিকনগর এলাকার একটি বাসা থেকে।

মুগদা থানার এসআই আবু ইউসুফ মৃধা বলেন, “বিকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে তার মা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পান স্বজনরা।”