ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের তত্ত্বাবধায়ককে ‘লাঞ্ছিতের চেষ্টা’, দেড় ঘণ্টা সেবা বন্ধ
হাসপাতালের দায়িত্ব বণ্টন ও দুই চিকিৎসকের বেতন বন্ধ করে দেওয়ায় তত্ত্বাবধায়কের সঙ্গে মতবিরোধ থেকে ঘটনাটি ঘটে বলে ধারণা পুলিশের।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে এক আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল চিকিৎসা সেবা।
সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান।
হাসপাতালের দায়িত্ব বণ্টন ও দুই চিকিৎসকের বেতন বন্ধ করা নিয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে মতবিরোধ থেকে ঘটনাটি ঘটে বলে ধারণা পুলিশের।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান বলেন, “সকালে চক্ষু বিভাগের তিনজন চিকিৎসক আমার কক্ষে আসেন। তারা বলেন যে, তিনদিন বহিঃবিভাগের রোগী দেখবেন এবং তিনদিন বৈকালিক সেবা দেবেন।
“তখন আমি তাদের বলি, বহিঃবিভাগ বন্ধ থাকলে রোগীরা অসন্তোষ্ট হবেন। বহিঃবিভাগ সপ্তাহে ছয় দিনই খোলা রাখা হোক, আর বৈকালিক সেবা প্রয়োজনে কম করা যেতে পারে। তখন তারা বলেন, আগে যেভাবে চলে আসছিল, সেভাবেই তারা করবেন, আমার কথা তারা মানবেন না। তখন চক্ষু বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ উচ্চবাচ্য শুরু করলে আমি তাকে ‘বেয়াদব’ বলি। এই কথা বলার পর তিনি আমার দরজায় জোরে ধাক্কা দিয়ে বাইরে চলে যান।”
তত্ত্বাবধায়ক আরও বলেন, “এর আগে, চলতি মাসে আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস ও ফাইজুর রহমান নিয়মিত দায়িত্ব পালন না করায় তাদের বেতন বন্ধ রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এই নিয়ে দুজন ক্ষুব্ধ ছিলেন। আজকের ঘটনার পর ওবায়দুল্লাহ ওই দুইজনের কাছে যান৷
“পরে রানা নূরুস ও ওবায়দুল্লাহসহ তিনজন চিকিৎসক আবার আমার কক্ষে আসেন। রানা নূরুস আমার সঙ্গে দুর্ব্যবহার করে লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং হুমকি দেন। পরবর্তীতে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে মিটিং করেন।
“এরপর তারা বাইরে থেকে সিসি ক্যামেরার লাইন বন্ধ করে আবার কক্ষে আসেন। এ সময় রানা নূরুস বলেন, আমি তাদের হয়রানি করি এবং তারা আমার আদেশ মানবেন না। আমি বিষয়টি আমার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এ বিষয়ে আবাসিক চিকিৎসক রানা নূরুসের বক্তব্য নিতে গেলে তিনি অপারগতা প্রকাশ করেন।
অন্যদিকে চিকিৎসক ওবায়দুল্লাহ বলেন, “দায়িত্ব বণ্টন নিয়ে কথা বলার সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাকে বেয়াদব বলেছেন। তিনি এই কথা বলতে পারেন না। আমি বিষয়টি সহকর্মীদের জানাই। পরে তারা কথা বলেছেন।”
ওসি আসলাম হোসাইন বলেন, চিকিৎসকদের নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধ ছিল; এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন বলে জানান ওসি।
