নরসিংদীতে যুবদলের মিছিলে সংঘর্ষ, ছুরিকাহত ৩
শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয়।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে নরসিংদীতে যুবদলের মিছিলে দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে; এতে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই সংঘর্ষ হয়।
আহতরা হলেন মহিষাশুরা ইউনিয়নের ফরহাদ হোসেন (২৭), পাইকারচর ইউনিয়নের গাউছ নেওয়াজ (৩৩) ও মাধবদীর আলগী এলাকার শফিকুল ইসলাম (৩৫)।
এদের মধ্যে ফরহাদ হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর দুইজনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দলের নেতা-কর্মীদের বরাতে পুলিশ জানিয়েছে, বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দিতে আসেন।
মিছিলে ‘আগে-পিছে থাকা নিয়ে’ এক পর্যায়ে সদর উপজেলার পাইকার চর ও মহিষাশুরা ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।
পরে সভায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোককের বক্তব্য শুরু হলে মহিষাশুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের একজন। এরপর দুই পক্ষের মধ্যে ফের মারামারি শুরু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, “যেহেতু একটি মারামারির ঘটনা ঘটেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
