০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ: সিলেটে ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই ৬ ওয়ার্ডের কমিটি স্থগিত

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত কমিটি স্থগিত করেছে মহানগর কমিটি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 11:11 PM

Updated : 07 Oct 2023, 11:11 PM

সিলেট মহানগরের ১৫ ওয়ার্ডের ছয়টিতে শুক্রবার নতুন আহ্বায়ক কমিটি গঠন করে আওয়ামী লীগ। তবে ২৪ ঘণ্টা না যেতেই ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে।

শনিবার মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে কোনো কমিটি না করার সিদ্ধান্ত হয়েছে।

তার আলোকে শুক্রবার ঘোষিত ছয়টি ওয়ার্ডসহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছেন- নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ছয়টি ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরপরই দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়; পরে বিজ্ঞপ্তি দিয়ে ছয়টি ওয়ার্ডের কমিটি স্থগিতের সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানানো হয়।

কমিটি বাতিলের বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে।

বিষয়টি জানার পরপরই ছয়টি ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।