২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ‘পুলিশ পরিচয়ে গাড়িতে তল্লাশি’, যুবক আটক

আটকের কাছ থেকে পুলিশের লোগো ব্যবহার করা একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রাজবাড়ীতে ‘পুলিশ পরিচয়ে গাড়িতে তল্লাশি’, যুবক আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশ পরিচয়ে গাড়িতে তল্লাশির অভিযোগে যুবক আটক।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 11:35 PM

Updated : 23 Oct 2023, 11:35 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশ পরিচয়ে গাড়িতে তল্লাশির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয় বলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান।

আটক রফিকুল ইসলাম সজিব (৪১) বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মান্নান শেখের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মহাসড়কে পুলিশ পরিচয়ে এক ব্যক্তি গাড়িতে তল্লাশি করছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পরে রফিকুলকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে পুলিশের লোগো ব্যবহার করা একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল জব্দ করা হয় বলে তিনি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “আটক ব্যক্তি একজন প্রতারক। তিনি বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”