বরিশালে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
ডেঙ্গুতে মৃত মো. ইমরান (২৪) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
এ ছাড়া মঙ্গলবার ভোরে ওই জেলার নাজিরপুর উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “গত ২০ জুলাই ইমরান হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে।
“এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও ভোলা সদর হাসপাতালে একজন।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ডেঙ্গুতে মৃত্যু বাড়ার পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছেন; একটি দেরি করে হাসপাতালে আসা, জটিল করে ফেলা ও অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হওয়া।”
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, “আমরা সবসময় বলি জ্বর ও শরীর ব্যথা হলেই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকরা পর্যাপ্ত চিকিৎসা দিতে পারবে। কোনোভাবেই বিলম্ব করা যাবে না।”
তিনি বলেন, “শুধু চিকিৎসার উপর নির্ভর করলেই হবে না। কেননা আমাদের তো যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেই। প্রতিরোধ করার বিষয়ে নজর দিতে হবে।”
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ হাসপাতালে বর্তমানে ২০১ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৬, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৬৬, ভোলায় ২৯, পিরোজপুরে ৪০, বরগুনায় ২৯ ও ঝালকাঠিতে ১৩ রোগী ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫৮ রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার সাত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ২৪৩ জন।
