লক্ষ্মীপুরে জুয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা: যুবকের যাবজ্জীবন
২০২০ সালের ৪ মে গৃহবধূকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে মফিজ হত্যা করেন বলে জানান পিপি।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান।
দণ্ডিত মফিজ উদ্দিন মইজ (৩৩) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনু মিয়া চৌকিদারের ছেলে। নিহত ছালেহা বেগম একই এলাকার জিন্নাহ মোল্লার মেয়ে।
মামলার বরাতে পিপি জসিম বলেন, “মফিজ জুয়া খেলায় আসক্ত ছিলেন। জুয়া খেলার টাকার জন্য ছালেহার সঙ্গে তার ঝগড়া লেগেই থাকত। এমনকি মারধরও করত। মেয়ের সুখের জন্য ছালেহার বাবা গরু বিক্রির ৭০ হাজার টাকা মফিজকে দেন। কিন্তু এরপরও ছালেহাকে নির্যাতন করত মফিজ।
“২০২০ সালের ৪ মে দুপুরে ছালেহা আত্মহত্যা করেছেন বলে তার মা-বাবাকে খবর দেয় শ্বশুর বাড়ির লোকজন। এর আগের রাতে ছালেহা জুয়া খেলা প্রতিবাদ করলে তাকে মফিজ মারধর করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।”
ময়নাতদন্ত প্রতিবেদনে ছালেহাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়, বলেন পিপি।
পরে একই বছর ১ জুন ছালেহার বাবা বাদী হয়ে মফিজসহ আট জনকে আসামি করে থানায় মামলা করেন।
পিপি আরও জানান, ২০২১ সালের ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও নোয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসআই মোহাম্মদ সোহেল মফিজকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি জসিম।
