১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় ছেলের হাতে মুক্তিযোদ্ধা খুনের অভিযোগ

ছয় মাস আগে বড় ছেলের নির্যাতন সহ্য না করতে পেরে নিজ বাড়ি ছেড়ে শহরের ভাড়া বাসায় উঠেছিলেন হাতেম মোল্যা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 07:27 PM

Updated : 28 Jul 2023, 07:27 PM

জমি ও পাওনা টাকার জন্য মাগুরা শহরে ছেলের হাতে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকালে শহরের শান্তিবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী। 

নিহত ৭৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা হাতেম মোল্যা পারনান্দুয়ালী গ্রামের মৃত মালেক মোল্যার ছেলে। স্ত্রী আলেয়া বেগম ও ছোট ছেলেকে নিয়ে শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন হাতেম মোল্যা।  

এ ঘটনায় শুক্রবার বিকালে সদর থানায় বড় ছেলে লিটু মোল্যা, পুত্রবধূ তানিয়া আক্তারসহ চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন আলেয়া বেগম। 

আলেয়া বেগম বলেন, “দীর্ঘদিন ধরে বাড়ির জমি লিখে দেওয়া ও নগদ আড়াই লক্ষ টাকার পাওনা নিয়ে আমার স্বামীর সঙ্গে বড় ছেলে লিটু মোল্যার বিরোধ চলছিল। যা নিয়ে লিটু প্রায়ই আমার স্বামীর উপর চড়াও হত ও মানসিক নির্যাতন চালাত। 

“এরই এক পর্যায়ে ছয় মাস আগে বড় ছেলের নির্যাতন সহ্য না করতে পেরে আমরা ছোট ছেলে রিপন মোল্যা ও তার স্ত্রী সুমাইয়া পারভীনকে নিয়ে পারনান্দুয়ালী মোল্যাপাড়া এলাকার নিজ বাড়ি ছেড়ে শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় উঠি।” 

আলেয়া বেগম আরও বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লিটু, তার স্ত্রী তানিয়া, পারনান্দুয়ালীর মিন্টু মোল্যা, নাসির মোল্যা এ চারজন আমাদের ভাড়া বাড়িতে এসে আমার স্বামীর সঙ্গে টাকার জন্য তর্কে লিপ্ত হয়। 

“এক পর্যায়ে আমার বড় ছেলে লিটু, তার স্ত্রী তানিয়াসহ অন্যরা আমার স্বামীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মামুন-উর-রশীদ বলেন, “হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।” 

ওসি শেখ সেকেন্দার আলী জানান, মুক্তিযোদ্ধা হাতেম আলী ছোট ছেলেকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে বড় ছেলে লিটু মোল্যা টাকার জন্য সেই ভাড়া বাড়িতে আসে। ওই সময় পারিবারিক বিবাদের জের ধরে হাতেম আলীর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে হাতেম আলীর স্ত্রী আলেয়া বেগম শুক্রবার বিকালে সদর থানায় হত্যা মামলা করেছেন। যার ভিত্তিতে নিহতের বড় ছেলে লিটু মোল্যা ও তার স্ত্রী তানিয়া আক্তারকে আটক করা হয়েছে।

 ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মুক্তিযোদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।