বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু
নামাজের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নড়াইলে বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে ফজরের আজান দিতে ও নামাজ পড়তে মসজিদে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয় বলে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানিয়েছেন।
মৃত রোমান মোল্যা (৬০) স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃত্যুর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রোমান মোল্যার স্ত্রী নিলুফ বেগম (৫০) প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। এ অবস্থায় গত শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান নিলুফ বেগম।
স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে ফজরের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন রোমান নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
তুলারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর কাজী জানান, রোমান মোল্যার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ছেলে জসিম মোল্যা কুয়েত প্রবাসী।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা শিহাবুর রহমান শিহাব বলেন, রোববার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তাদের ছোট ছেলে জসিম মোল্যা কুয়েত থেকে দেশে ফেরার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
