হবিগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
সরকারি রাস্তার পাশে নতুন আরেকটি রাস্তা নির্মাণে বাধা দিলে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪টি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হবিগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবি করা জায়গা দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়া ভেকু দিয়ে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ শুরু করেন। এর পাশে সরকারি একটি রাস্তা থাকায় এলাকাবাসী রাস্তাটি নির্মাণে বাধা দেন।
সংসদ নির্বাচনের পর বিষয়টি শালিসের মাধ্যমে নিস্পত্তির কথা ছিল। কয়েকদিন আগে হুকুড়া মহল্লাবাসী রুবেলকে আবারও ওই রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে তিনি তাকে অসম্মতি জানান।
এরই জের শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর করিমসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি ডালিম।
