চট্টগ্রামে রাসমনি ঘাটে আগুনে পুড়ল জেলেদের মালামাল
ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিক হিসেবে আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চট্টগ্রামে সাগর তীরবর্তী রাসমনি ঘাটে আগুনে পুড়েছে জেলেদের মালামাল রাখার বিভিন্ন ঘর।
বঙ্গোপসাগর তীরবর্তী রানী রাসমনি ঘাটের ইলিশ ঘাটে সোমবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, দুপুর পৌনে একটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর পৌনে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে সেখানে জেলেদের জাল, বিভিন্ন ট্রলারের মালামাল রাখার অন্তত ২৫টি ছোট কাঁচা ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিক হিসেবে আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
