গাইবান্ধায় গণপিটুনিতে শিশু হত্যা মামলার আসামিকে হত্যা
প্রাণ বাঁচাতে বাজারের একটি হোটেলে আশ্রয় নেন সিরিকুল ইসলাম। কিন্তু সেখান থেকেও তাকে টেনে হিচড়ে বের করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শিশু হত্যা মামলার এক আসামি গণপিটুনিতে নিহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।
নিহত সিরিকুল ইসলাম (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের বাসিন্দা। তিনি চার বছর বয়সী শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি। বায়েজিদ ওই গ্রামের সৌদিআরব প্রবাসী তাহারুল বেপারীর ছেলে।
ওসি সাজ্জাদ জানান, সিরিকুল ইসলামকে গত ২৬ মে বগুড়া থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। শনিবার সন্ধ্যার পর তিনি ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় যান।
খবর পেয়ে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে তাকে ঘিরে ধরেন। এ সময় প্রাণ বাঁচাতে তিনি বাজারের একটি হোটেলে আশ্রয় নেন। কিন্তু সেখান থেকেও তাকে টেনে হিচড়ে বের করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে তিনি মারা যান।
বায়জিদ হত্যা মামলার নথির বরাতে পুলিশ জানায়, গত ৮ মে বিকালে বায়েজিদ নিখোঁজ হয়। পরে ১৩ মে সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা রায়হানা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রায়হানা বেগম অভিযোগ করেন, তার প্রতিবেশী সিরিকুল ইসলামের ছেলে রোমান এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত। রোমানের পরিবারের পক্ষ থেকে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় রোমানের পরিবার থেকে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এরই ধারাবাকিতকায় তার ছেলে বায়েজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গ্রেপ্তারের পরে এ মামলায় রোমানসহ অভিযুক্ত আসামিরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।
ওসি সাজ্জাদ আরও জানান, সিরিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
