২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ ব্যবসায়ীর

ট্রাকটিতে মোট ১৯টি গরু ছিলো; দুর্ঘটনায় ৭টি মারা গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 11:07 AM

Updated : 04 Nov 2022, 11:21 AM

চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনায় সাতটি গরুও মারা গেছে।

নিহতরা হলেন-মেহেরপুর জেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক (৫০) ও একই জেলার বাসস্ট্যান্ড পাড়ার হারুন অর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

রফিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় আশরাফুলের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর মনির মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতের উদ্ধার করেন। ট্রাকটিতে মোট ১৯টি গরু ছিলো।

এ ঘটনায় আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আহতরা হলেন-মেহেরপুর জেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে আবুল কালাম (৪০) ও খন্দকার পাড়ার জহিরউদ্দিনের ছেলে মিনারুল ইসলাম (৪১)।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, “ট্রাকটি চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।”

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।