কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিককে হত্যা করা হয়।
কুমিল্লার হোমনা উপজেলায় এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন বলে অতিরিক্ত সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হোমনা উপজেলার আসাদপুর গ্রামের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। এদের মধ্যে রায়ের সময় আদালতে সোহেল মিয়া উপস্থিত ছিলেন।
সাত বছরের সাজাপ্রাপ্তরা হলেন ওই এলাকার আকিমুল হক মধু ও আবদুর রহমান। রায়ের সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে এপিপি রফিকুল ইসলাম বলেন, হত্যার শিকার আশিকুর রহমান ওরফে আশিক হোমনা উপজেলার আসাদপুর গ্রামের হারুন ভূঁইয়ার ছেলে। ২০১২ সালে আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে আসামিরা গলাকেটে হত্যা করেন।
এই আইনজীবী বলেন, এ ঘটনায় আশিকের বাবা হোমনা থানায় হত্যা মামলা করেন। এরপর তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; আরও দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রায়ে সন্তোষ প্রকাশ নিহত আশিকের বাবা হারুন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “কুমিল্লার আদালত যে রায় দিয়েছেন তা যেন দ্রুত কার্যকর করা হয়। তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমি দ্রুত রায় কার্যকর দেখতে চাই।”
