২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মীর ছেলের ঝুলন্ত লাশ

“গরুকে পানি খাওয়ানো হয়নি সেটা নিয়ে জিসানকে বকাঝকা করে। পরে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 10:14 AM

Updated : 10 Sep 2026, 12:05 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংলগ্ন একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই মো. আসলাম জানান, সোমবার সকালে কয়েকজন পথচারী একজনের ঝুলন্ত লাশ দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দেন। পরে নিরাপত্তা শাখা থেকে আশুলিয়া থানায় খবর দিলে সকাল ৭টার দিকে তারা গিয়ে লাশটি উদ্ধার করেন।

মৃত ২৪ বছর বয়সী ওই যুবকের নাম জিসান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মী নজরুল ইসলামের মেঝো ছেলে।

নজরুল ইসলামের বাড়ি শেরপুর জেলায়। জিসান পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। সেখানে একটি গরুর খামার দেখাশুনা করতেন তিনি।

জিসানের বড় ভাই ওয়ালিউল্লাহ বলেন, "রোববার সন্ধ্যায় ঝড়ের আগে জিসান বাড়ি থেকে বের হয়ে যায়। ঝড় থামার পর সে ফিরে আসে। এ সময় মা তাকে জিজ্ঞেস করেন এতক্ষণ কোথায় ছিল? 

“গরুকে পানি খাওয়ানো হয়নি সেটা নিয়ে জিসানকে বকাঝকাও করে। পরে সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।"

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে পথচারীদের কেউ আমাদের একজন নিরাপত্তা রক্ষীকে জানায় যে, ক্যাম্পাসে এক যুবকের ঝুলন্ত লাশ দেখা গেছে। পরে নিরাপত্তা রক্ষী বিষয়টি আমাদের জানালে আমরা আশুলিয়া থানায় খবর দেই। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।"

তিনি বলেন, " ময়নাতদন্ত যেন না হয় সেজন্য পরিবারের সদস্যরা অনুরোধ করেছে। মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ঢাকা জেলার ডেপুটি কমিশনারের অনুমতি পেলে পুলিশ লাশ হস্তান্তর করবে; সেই প্রক্রিয়াই এখন চলছে।"

এসআই মো. আসলাম বলেন, “জিসানের মরদেহের ময়নাতদন্ত করতে রাজি হয়নি তার পরিবার। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”