২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সন্তানের খাবার কিনে বাড়ি ফেরা হল না মায়ের

এ ঘটনায় আহত আরেক নারীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 09:59 PM

Updated : 27 Jan 2024, 09:59 PM

নওগাঁ বদলগাছী উপজেলায় নির্মাণাধীন সড়কের রোলার মেশিন চাপায় এক নারী নিহত হয়েছেন; যিনি বাজার থেকে সন্তানের জন্য খাবার কিনে বাড়ি ফিরছিলেন।

শনিবার দুপুরে উপজেলার চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত মালা খাতুন (৪১) নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর গ্রামের কাঠমিস্ত্রি স্বপনের স্ত্রী। তিনি কাজের সুবাদে বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় আহত শারমিন আকতার (২১) বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটনের স্ত্রী। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মালা খাতুন বাজার থেকে সন্তানের জন্য খাবার কিনে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে সড়কের কাজে থাকা নষ্ট একটি রোলার মেশিন ছিল। রোলারটিকে একটি ট্রাকের সাহায্যে পেছন থেকে ধাক্কা দিয়ে চালুর চেষ্টা করা হচ্ছিল। তখন সেটি দাঁড়িয়ে থাকা মালা খাতুন ও শারমিনকে চাপা দেয়। এতে মালা ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান।

বদলগাছী থানার ওসি মাহবুব আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।