২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ব্রিজের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজারে ব্রিজের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত

ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় মালবাহী ট্রাকটি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 01:22 PM

Updated : 18 Mar 2023, 01:22 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সহকারী নিহত হয়েছে।

শনিবার ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে মহাসড়কের কলাতলী এলাকায় কক্সবাজারমুখি মালবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

"স্থানীয়রা গাড়িটির আহত চালক ও সহকারীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ”

দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে জানিয়ে পরিদর্শক ইমন বলেন, নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।