দোহারে ৬৩ গরু নিয়ে ট্রলার ডুবি, মামা-ভাগ্নে নিখোঁজ
“ট্রলারে বাঁধা ২৫টি কিছু গরু মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকিগুলো নদীতে ভেসে গেছে।”
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মামা-ভাগ্নে নিখোঁজ রয়েছে।
বুধবার ভোরে উপজেলার মেঘুলা বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তামীম হাওলাদার জানান।
নিখোঁজরা হলেন- গরুর বেপারী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামের মোতালেব মাদবরের ছেলে মনির হোসেন মাদবর (৩৫) এবং একই গ্রামের জসিম শেখের ছেলে ফয়সাল আহমেদ সিয়াম (১২)।
ট্রলারে থাকা কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তামীম বলেন, ৪০-৪৫ জন গরু ব্যবসায়ী ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে ৬৩টি গরু ক্রয় করে ট্রলারে সিএমবিঘাট হয়ে দোহারের মেঘুলা ঘাটে যাচ্ছিলেন।
“পদ্মা নদীর মাঝ বরাবর ট্রলারটির তলা ফেটে পানি ঢুকতে থাকে। মাঝি বিষয়টি বুঝতে পেরে ট্রলারটি নদীর দিকে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মামা-ভাগনে নিখোঁজ হলেও বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
“৬৩টি গরুর মধ্যে স্থানীয়দের সহায়তায় বিভিন্নভাবে ২৫-৩০টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারে বাঁধা ২৫টি কিছু গরু মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকিগুলো নদীতে ভেসে গেছে।”
সকাল ৬টার দিকে সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিস, কুতুবপুর নৌ পুলিশ ও ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে জানিয়ে তামীম হাওলাদার আরও বলেন, “পরে ঢাকার ডুবুরি দলও এসে অভিযানে যোগ দেয়। সন্ধ্যা অবদি নিখোঁজদের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান আজকের মত স্থগিত ঘোষণা করা হয়।
“২৪ ঘন্টা পর লাশ এমনিতে ভেসে উঠার কথা। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলের আশপাশে ট্রলারে করে নিখোঁজদের সন্ধান চালাবে দোহার ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ”, যোগ করেন তামীম।
