ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীসহ ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ১৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য জানান।
মৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চকমাঝিগাটি গ্রামের বাসিন্দা খোকন শেখ (১৮), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের বাসিন্দা বকুল মিয়া (৩৫), ঝিনাইদহের সদর উপজেলার কালিচরনপুর গ্রামের বাসিন্দা লক্ষণ দাস (৪২), রাজবাড়ীর সদর উপজেলার সাতরশি গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা জরিনা বেগম (৬০)।
হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন জন পুরুষ ও দুই জন নারী মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৭০ জন; এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৬৯ জন রোগী।
