২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাবুল ও সোহান মোটরসাইকেলে দিনাজপুর থেকে ফুলবাড়ীতে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দিনাজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 12:48 PM

Updated : 26 Apr 2023, 03:48 PM

দিনাজপুরে সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বুধবার সকাল ৯টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫২) এবং তার ভাগিনা একই এলাকার মাসুমের ছেলে সোহান (৩৫)। 

বাবুল ফুলবাড়ী উপজেলার এলোয়ারী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার এবং সোহান একই অফিসের কম্পিউটার অপরেটর।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি তানভিরুল জানান- বাবুল হোসেন ও সোহান মোটরসাইকেলে দিনাজপুর থেকে ফুলবাড়ীতে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চুনিয়াপাড়া পৌছালে দিনাজপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাস ফেলে রেখে পালিয়ে যায় চালক। তারা বাসটি নিজেদের হেফাজতে নিয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।