২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমেনি টাঙ্গাইলের করটিয়া শাড়ির হাট, বেচা-কেনা নিয়ে শঙ্কা

আশানুরূপ বিক্রি না হলে লোকসান গুনতে হবে বলে জানান করটিয়া হাটের ব্যবসায়ীরা।

জমেনি টাঙ্গাইলের করটিয়া শাড়ির হাট, বেচা-কেনা নিয়ে শঙ্কা

ঈদ উপলক্ষে টাঙ্গাইলের করটিয়া শাড়ির হাটের বেচা-কেনা এখানও জমে ওঠেনি।

তোফাজ্জল হোসেন

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 09:01 AM

Updated : 31 Mar 2023, 09:01 AM

আসন্ন ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে ঘিরে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া শাড়ির হাটের বেচা-কেনা এখনও জমে ওঠেনি। ক্রেতার উপস্থিতি কম থাকায় ঈদের কাছাকাছি সময়ে ব্যবসা জমবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

করোনাভাইরাস ও বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে টাঙ্গাইলের শাড়ির ব্যবসায়ে ধস নামে। সে ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তাঁতিরা।

ঈদকে সামনে রেখে লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী ছিলেন তাঁত মালিক ও শাড়ি ব্যবসায়ীরা। তবে রমজান শুরুর আগে শেষ হাটে আশানুরূপ কেনা-বেচা না হওয়ায় তাদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ।

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় হস্তচালিত তাঁতে ৪০০ থেকে ৫০০ টাকা দামের সাধারণ তাঁতের শাড়িসহ ১০ থেকে ২০ হাজার টাকা দামের শাড়ি তৈরি করেন তাঁতিরা। মেশিন চালিত তাঁতে (পাওয়ার লুম) বেশি পরিমাণে শাড়ি তৈরি হয়।

তাঁত মালিক, শাড়ি ব্যবসায়ী ও করটিয়া হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী জানান, করটিয়ায় সপ্তাহে (মঙ্গলবার ও বুধবার) দুদিন বসে শাড়ির হাট। ঈদ মৌসুমে এ হাটে কয়েকশ কোটি টাকার শাড়ি বেচা-কেনা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে আসেন শাড়ি কিনতে।

তার ভাষ্য, “বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে এবার ধার-দেনায় শাড়ি উৎপাদন করে হাটে তুলেছেন ব্যবসায়ীরা। আশানুরূপ বিক্রি না হলে আবারও লোকসান গুনতে হবে তাদের।” 

রফিকুল ইসলাম নামের এক শাড়ি ব্যবসায়ী বলেন, “আসলে মানুষের হাতে টাকা নেই। গত দুই ঈদেও তেমন বেচা-বিক্রি না হওয়ায় এবারও তেমন একটা শাড়ি কিনছেন না পাইকাররা।”   

করটিয়া হাটের শাড়ি ব্যবসায়ী কমল বসাক বলেন, “অনলাইনে শাড়ি বিক্রি করেন এমন কিছু ক্রেতা ছাড়া হাটে পাইকারদের উপস্থিতি খুবই কম। অথচ পাইকারী শাড়ি বিক্রির এখনই সময়। ঈদের আগে এই সময়টাতে হাটে সারা দেশের পাইকাররা চলে আসেন। কিন্তু এ বছর তেমন দেখা যাচ্ছে না।”

মানিকগঞ্জ থেকে করটিয়া হাটে শাড়ি কিনতে আসা ব্যবসায়ী মামুনুর রহমান মামুন বলেন, “গত ঈদে কেনা সব শাড়ি এখনও বিক্রি হয়নি। তাই এবার খুব কম পরিমাণ শাড়ি কিনেছি। বেচা-কেনা বাড়লে আবার এসে কিনব।”

ঈদ উপলক্ষে এ হাটে শাড়ি কিনতে আসেন টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার গৃহবধূ নুরজাহান বেগম।

তিনি বলেন, “ঈদের নিজের ও আত্মীয়-স্বজনদের উপহার দিব বলে কয়েকটি শাড়ি কিনতে হাটে এসছি। তবে যা দেখছি, তাতে এ বছর শাড়ির দাম বেশি, মানও তেমন একটা ভালো নয়।”

টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, “তাঁতিরা যখন ন্যায্য মূল্য পায় না তখন শাড়ির মানও কমে যায়। রমজান শুরু হয়ে গেছে অথচ শাড়ি কিনতে পাইকাররা তেমন আসছেন না।”

শাড়ির চাহিদা কমে যাওয়ায়, দক্ষ তাঁত শ্রমিকের অভাবে এবং তাঁত মালিকদের পুঁজির সংকটের কারণে এবার শাড়ির উৎপাদনও কম হয়েছে বলে জানান রঘুনাথ বসাক।