ফরিদপুর বাস টার্মিনালে লাগেজে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
লুঙ্গি ও সুয়েটার পরিহিত মৃতদেহের উপর জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।
ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান জানান।
পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে লোকজনের নজরে আসে। কিন্তু মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন।
পরে কোতোয়ালি থানার পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মৃতদেহ পায়।
লুঙ্গি ও সুয়েটার পরিহিত মৃতদেহের উপর জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।
ওসি হাসানুজ্জামান আরও জানান, অজ্ঞাতনামা নিহত ব্যক্তির বয়স ৪৫ এর মত হবে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
