০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড় সংলগ্ন স্বাধীন মাহিন অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 11:39 AM

Updated : 05 Nov 2026, 11:39 AM

সাতক্ষীরা সদর উপজেলায় সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড় সংলগ্ন স্বাধীন মাহিন অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা থানার ওসি মো. শফিকুল ইসলাম।

নিহত রহিমা বেগম (৬০) আগরদাঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা গ্রামের ইনসুর আলী গাজীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, তার মা বৃহস্পতিবারে ভোরে বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পরে সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে ছয়ঘরিয়া মোড় এলাকার রাস্তার ওপর তার মায়ের মরদেহ পড়ে আছে।

দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, মাথা থেঁতলানো এবং দুই হাত ভাঙা অবস্থায় মায়ের মরদেহ রাস্তায় পড়ে রয়েছে।

রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছেন তিনি।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত যানবাহন জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, বলেন এ পুলিশ কর্মকর্তা।