লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর উপজেলায় সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি সাদ আহমেদ।
নিহতরা হলেন- গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়া এলাকার জহিলা বেগম (৫৫) ও ফজিলা বেগম (৫০)। জহিলা আজিজারের ও ফজিলা আব্দুল করিমের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ফজরের নামাজ শেষে ওই দুই নারী মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
