হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
এটি দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
বরিশালে হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক আইনজীবী। এ ঘটনায় একজন আটক হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সদর রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. শাহ্ আলম জানিয়েছেন।
নিহত ৬০ বছর সজল কুমার চক্রবর্তী বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এবং নগরের কালীবাড়ি রোড এলাকার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে।
আইনজীবী শাহ্ আলম বলেন, “সকালে সিনিয়র আইনজীবী সজল কুমার চক্রবর্তী সদর রোড দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
“পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
তিনি বলছেন, “স্পর্শকাতর বিভিন্ন মামলা পরিচালনা করছিলেন অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী। তাই তার এমন মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। এটি দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।”
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে জানিয়ে শাহ্ আলম বলেন, “আমরা আইনজীবীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “মোটরসাইকেলের এক আরোহীকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মোটরসাইকেলের চালককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
“পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, “সকাল পৌনে ৭টার দিকে সিনিয়র আইনজীবী সজল কুমার চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার কিছুসময় পরে তার মৃত্যু হয়।”
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
