মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য দিলেন ফরেনসিক বিভাগের ২ চিকিৎসক
মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৯ জন সাক্ষ্য দিয়েছেন বলে জানায় পিপি।
মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সপ্তম দিনে ঢাকার দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
বুধবার বেলা ১১টায় মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল।
এর আগে সকাল ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।
পিপি মুকুল বলেন, এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক দেবিকা রায় এবং মমতাজ আরা সাক্ষ্য দিয়েছেন। ধর্ষণের ফলে শিশুটির মৃত্যু হয়েছে বলে আদালতে বলেছেন তারা।
আগামীকাল বৃহস্পতিবার আরও দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হবে। এদিন ৩৪২ ধারায় আসামিদের সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে। এ পর্যন্ত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে প্রধান আসামি হিটু শেখ বলেন, “নতুন করে মামলার তদন্ত করেন। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”
সেইসঙ্গে হিটু শেখের পুত্রবধূকে ধরলে এ ঘটনায় জড়িত প্রধান ব্যক্তি বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।
যদিও এর আগে হিটু শেখ ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় এ ঘটনার সঙ্গে তিনি একাই জড়িত থাকার কথা স্বীকার করেন।
শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
সবশেষ চিকিৎসারত অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।
১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।
