বেনাপোলে এবার বাগান থেকে ২৩টি হাতবোমা উদ্ধার
জান্নাত কাওমী মাদ্রাসার পিছনের বাগানে চারটি ব্যাগে হাতবোমাগুলো পাওয়া যায়।
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি মাদ্রাসার পিছনের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বন্দর সংলগ্ন বাগে জান্নাত কাওমী মাদ্রাসার পিছনের বাগানে চারটি ব্যাগে হাতবোমাগুলো পাওয়া যায় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া।
তবে এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
এনিয়ে দু'দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেনাপোলে ৪১টি হাতবোমা উদ্ধার হল।
ওসি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি আম বাগানের ভিতরে বিপুল পরিমাণ হাতবোমা মজুদ রয়েছে। সেখানে অভিযান চালিয়ে চারটি বাজারের ব্যাগের ভেতরে ২৩টি হাতবোমা পাওয়া যায়।”
হাতবোমাগুলো থানায় জমা রয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো নিষ্ক্রিয় করা হবে। সেইসঙ্গে কে বা করা এসব রেখে গেছে তাও খুঁজে বের করা হবে।
এর আগে শনিবার বিকালে স্থলবন্দরের পাশে একটি পরিত্যক্ত ঘরের ভেতর দু'টি বালতির মধ্যে ১৮টি হাতবোমা পাওয়া যায়।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
