২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছয় ভাই নিহত: এবার পিকআপের মালিক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছয় ভাই নিহতের ঘটনায় এবার পিকআপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 05:31 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

পিবিআই কক্সবাজারের পরিদর্শক এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার ভোররাতে উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় অভিযান পিকআপটির মালিককে গ্রেপ্তার করা হয়।“

গ্রেপ্তার মাহামুদুল করিম (৪০) উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকার শামশুল আলমের ছেলে।

এর আগে ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ চালক সাইদুল ইসলাম সিফাতকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের নয় ছেলে-মেয়ে তার শ্মশানে যান। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সাত ভাই-বোনকে দ্রুতগতিতে এসে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চার ভাই এবং ওই দিনই হাসপাতালে আরও এক ভাইয়ের মৃত্যু হয়। আহত হন আরেক সভাই রক্তিম সুশীল এবং বোন হীরা সুশীল।

পরে গত ২২ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রক্তিম সুশীলও মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পওে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিআইয়ের পরিদর্শক এনামুল হক বলেন, সোমবার রাতে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় পিকআপ মালিক মাহামুদুল করিম অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সটকে পড়েন।

“পরে মঙ্গলবার ভোররাতে মাহামুদুল করিমকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে”, যোগ করেন পরিদর্শক।

আরও পড়ুন

ছয় ভাই হারিয়ে পাগলপ্রায় পল্লব সুশীল  

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহত: চালক রিমান্ডে  

পিকআপ চাপা: নিহত ভাইয়ের সংখ্যা বেড়ে ৫

চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাইয়ের মৃত্যু