ছয় ভাই হারিয়ে পাগলপ্রায় পল্লব সুশীল
পিক-আপ চাপায় ছয় ভাইকে হারিয়ে যেন ‘পাগল’ হয়ে গেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার পল্লব সুশীল।
বাবার মৃত্যুর এক সপ্তাহ না যেতেই মারা গেলেন পাঁচ ভাই। এর দুই সপ্তাহ পর মঙ্গলবার মারা গেলেন আরেক ভাই রক্তিম সুশীল (৩১)।
মৃত্যুর এই মিছিলে সেদিনের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পল্লব একেবারে ভেঙে পড়ছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকার প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের ছেলে রক্তিম সুশীল।
স্বজনরা বলছেন, ঘটনার পর থেকে তার ঠিকমতো খাওয়া-দাওয়া নেই, ঘুম নেই। প্রতিনিয়ত প্রলাপ বকছেন। ভাইদের নাম করে বিলাপ করছেন। মাঝে-মধ্যে চিৎকার করে ভাইদের ডাকেন; কান্না করেন হাউমাউ করে।
তার এই আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। তারা কান্নায় কাঁদছে এলাকাবাসীও।
৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় প্রয়াত বাবার শ্রাদ্ধ উপলক্ষে নয় ভাই-বোন মিলে শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন; আহত হয়েছিলেন রক্তিম সুশীল ও তাদের বোন হীরা রানী সুশীল।
ওইদিন মারা যান পল্লবের পাঁচ ভাই অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।
দুর্ঘটনার ১৫ দিন পর মারা যান রক্তিম সুশীল।
তাদের বোন আহত হীরা রানী সুশীল মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বামী হারানোর শোক কাটতে না কাটতেই ছয় ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন মৃণালিনী সুশীল ওরফে মানু (৬৮)।
রক্তিমের মৃত্যুর পর তিনি আর আহাজারি করছেন না, বিলাপ করছেন না। মুখে কোনো কথা নেই। ভেজা দুচোখ দিয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন।
স্বজনদের কোনো কথায় তার উত্তর নেই, কোনো সান্ত্বনা নেই। মৃত্যুর ভারে সবকিছু যেন ভাষাহীন।
রক্তিম সুশীলের মৃত্যুর খবরে সরেজমিন তাদের বাড়ি গিয়ে দেখা গেছে, নিস্তব্ধতা যেন স্বজন হারানোর শোকের ভাষায় পরিণত হয়েছে। তাড়ির লোকজন যের কাঁদতে ভুলে গেছে। ওই বাড়িকে ঘিরে পুরো শোকে মুহ্যমান। নিহতের স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও নির্বাক এই মৃত্যুতে।
এর মধ্যেই আবার কেউ কেউ হাউমাউ করে কেঁদে ওঠেন। মৃত সদস্যদের নাম ধরে ডেকে ওঠেন বিলাপ করে।
একসঙ্গে স্বামী হারিয়ে বিধবা হওয়া পাঁচ নারী বাড়ির উঠানে বসে আছেন; সবশেষে দেবরের মৃত্যুর সংবাদে কাঁদার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন।
ভাইয়ের মৃত্যুর খবর শুনে বান্দরবানের লামা উপজেলা থেকে বাড়ি এসেছেন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মুন্নী সুশীল।
মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনদিন আগে আমার মা চমেক হাসপাতালে গিয়েছিলেন সন্তানকে দেখতে। ছেলেকে আইসিইউতে পড়ে থাকতে দেখে মা অঝোরে কেঁদেছেন। রক্তিমকে নাম ধরে অনেক ডাকাডাকি করেছিলেন; কিন্তু কোনো সাড়া পাননি। মায়ের বিশ্বাস ছিল ছেলে অন্তত চোখ মেলে তাকাবেন। কিন্তু ঈশ্বর সেই ইচ্ছে পূরণ করেননি।”
রক্তিমের মৃত্যুর খবরে মহেশখালী থেকে বাড়িটিতে এসেছেন নিহতের পিসতুতো ভাই লিটন শর্মা।
লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসঙ্গে ছয়জন স্বজন হারানোর ঘটনা কোনোভাবে মানতে পারছেন না। নিহতদের স্বজনদের সমবেদনা জানানোর ভাষাও তিনি হারিয়ে ফেলেছেন। এখন শোকের কাতর হওয়াটাই তাদের একমাত্র অবলম্বন।
লিটন জানান, বিকালে রক্তিমের লাশ চমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাত সাড়ে ৯টায় মরদেহ বাড়ি পৌঁছে। সাড়ে ১০টার দিকে তাকে শ্মশানে তোলা হয়।
এই দুর্ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করলেও চালক ও মালিককে শনাক্ত করতে পারছিল না।
পরে ১২ ফেব্রুয়ারি রাতে র্যাবের একটি দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ চালক সাইদুল ইসলাম সাইফুলকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। ইতিমধ্যে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও সম্পন্ন করেছে।
