২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহত: চালক রিমান্ডে

কক্সবাজারের চকরিয়ায় শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার সেই পিকআপের চালককে রিমান্ডে দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 07:42 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

রোববার চকরিয়ার আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দেব এ আদেশ দেন বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাফায়েত হোসেন।

গ্রেপ্তার পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগাড়ার মো. আলী জাফরের ছেলে।

পরিদর্শক শাফায়েত হোসেন জানান, সাইফুলকে শুক্রবার রাতে র‌্যাব ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।  

গত মঙ্গলবার [৮ ফেব্রুয়ারি] ভোর ৫টার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের নয় ছেলে-মেয়ে তার শ্মশানে যান। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সাত ভাই-বোনকে দ্রুতগতিতে এসে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চার ভাই এবং হাসপাতালে আরেক ভাইয়ের মৃত্যু হয়। 

পিকআপ চাপা: নিহত ভাইয়ের সংখ্যা বেড়ে ৫

চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাইয়ের মৃত্যু

ঘটনায় আহত অন্য ভাই রক্তিম সুশীল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এবং বোন হীরা সুশীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে হতাহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন। মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই আবুল হোসেন মামলার তদন্তভার পেয়েছেন।

পরিদর্শক শাফায়েত আরও বলেন, রোববার দুপুরে গ্রেপ্তার আসামি সাহিদুল ইসলাম সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য চকরিয়ার আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

রোববার রাতের মধ্যেই গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।