২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ: দাবি মানতে সময় বেঁধে দিল গোপালগঞ্জের শিক্ষার্থীরা

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বাকি তিন দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 02:38 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আন্দোলনের ষষ্ঠ দিনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল-রাজ বলেন, “আমাদের প্রথম দাবি ছিল, ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যেহেতু বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেহেতু আমরা প্রথম দাবি পূরণে আশ্বস্ত হয়েছি।”

তিনি বলেন, এখন ধর্ষণবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার  বিচার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে আমরা আন্দোলন থেকে সরে যাব।

“আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখব; এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব”, যোগ করেন আব্দুল্লাহ আল-রাজ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা দুপুরে ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’- স্লোগানে রক্তদান কর্মসূচি পালন করবেন। বিকাল ৪টায় ধর্ষণবিরোধী কনসার্ট এবং সন্ধ্যা ৭টায় থাকবে আলোর মিছিল।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব গণমাধ্যমকে বলেন, “ধর্ষণবিরোধী আন্দোলনে হামলাকারীদের বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য কথা বলা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”

শিক্ষার্থীরা জানান, ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে নবীনবাগ হেলিপ্যাডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন ব্যাটারিচালিত একটি ইজিবাইকে এসে ওই ছাত্রী আর তার বন্ধুকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়।

সেখানে বন্ধুকে আটকে রেখে মারধর করা হয়। এবং ওই ছাত্রী দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরে ভুক্তভোগী ছাত্রী মেসে গিয়ে বন্ধুদের ঘটনাটি জানান।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে এর প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাও হয়।

ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামিকরে একটা মামলা দায়ের করেন।

গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে শুক্রবার রাতে র‌্যাব ছয় আসামিকে গ্রেপ্তার করে। পরে শনিবার তাদের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। রোববার আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আসামিরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের রাকিব মিয়া ওরফে ইমন (২২), শহরের মার্কাস মহল্লার পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. হেলাল সরদার (২৪), নবীনবাগের মো. নাহিদ রায়হান (২৪) ও তূর্য মোহন্ত (২৬)।

আরও পড়ুন:

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে ছয় আসামির জবানবন্দি  

গোপালগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের প্রতিবাদ  

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত  

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণে জড়িতরা মাদকসেবী: র‌্যাব  

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘ধর্ষণ’: ক্যাম্পাসে মশাল মিছিল  

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ১১ ঘণ্টা পর যানচলাচল শুরু  

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায়