গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ১১ ঘণ্টা পর যানচলাচল শুরু
গোপালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, পাল্টা হামলা ও ভাংচুরের মধ্য দিয়ে প্রায় ১১ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এরপর যান চলাচল শুরু হয়।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বুধবার রাতে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ধর্ষণের ঘটনায় প্রক্টর রাজিউর রহমান রাতেই সদর থানায় মামলা করেছেন এবং সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের দুইজন পরিচ্ছন্নতা কর্মী। তাদের আটকের কারণে শহরের পরিচ্ছন্নতাকর্মীরা নবীনবাগে রাস্তার ওপর আবর্জনা ফেলে অবরোধ করেন। এ কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে বেল আড়াইটা পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তার আগে তারা ধর্ষণে জড়িতদের আটকের দাবিতে ক্যাম্পাস থেকে গিয়ে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ থানা ঘেরাও করে রাখেন।
এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ভবন তালাবদ্ধ করে রেখেছেন।
এদিকে সড়ক অবরোধের সময় বিকাল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে একদল লোক হামলা চালায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান; শুরু হয় যানচলাচল। শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে সংগঠিত হয়ে বিকাল সোয়া ৫টার দিকে লাঠিসোটা নিয়ে আবার মহাসড়ক অবরোধ করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা হয়।
এ বিষয়ে প্রক্টর কোনো কথা বলতে চাননি।
তিনি বলেন, “শুকবার এ বিষয়ে প্রশাসনকে যা বলার বলব।”
