২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায়

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 04:02 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে বিক্ষোভকারী এক শিক্ষার্থী জানিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বাদি হয়ে রাতেই সদর থানায় মামলা করেছেন এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান জানান।

Image
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আটকরা হলেন- পিয়াস সিকদার (২২), অন্তর (২১) ও জীবন (২০)।

তাহিয়ান বলেন, “তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আমাদের টিম অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব শীঘ্রই জড়িত সকলকে আটক করা হবে।”

অবরোধকারী শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র গোলাম রসুল বলেন, বুধবার রাত সাড়ে ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৭ জন ব্যাটারি চালিত ইজিবাইকে এসে ওই ছাত্রী আর তার বন্ধুকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়।

“সেখানে বন্ধুকে আটকে রেখে মারধর করা হয়। তখন ওই ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পরে ভুক্তভোগী ছাত্রী মেসে গিয়ে বন্ধুদের ঘটনাটি জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে।”

এ ঘটনায় আটদের মধ্যে অন্তর ও জীবন পরিচ্ছন্নতা কর্মী। তাদের আটকের ঘটনায় শহরের অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীরা নবীনবাগে রাস্তার উপর আবর্জনা ফেলে অবরোধ করে। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তারা ‘অশ্লীল আচরণ’ করে সংবাদ সংগ্রহে বাধা দেয়।

এদিকে দীর্ঘসময় অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে শত শত যানবাহন আটকা থাকতে দেখা গেছে।

Image
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে ধর্ষণে জড়িতদের আটকের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা ঘেরাও করে রাখেন। এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ভবন তালাবদ্ধ করে রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নজরুল ইসলাম বলেন, “ধর্ষকদের দ্রুত আটক করে তাদের পরিচয় প্রকাশ ও গুরুত্বপূর্ণ এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে অবস্থান করে সেসব জায়গায় সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা বলয় তৈরিসহ চারদফা দাবি জানিয়েছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলি এবং আমি নিজে এ ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।”