২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 12:12 AM

Updated : 02 Aug 2022, 03:01 PM

রোববার বিকালে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুবের সভাপতিত্বে এ সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্বিবিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মুরাদ হোসেন জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। কিন্তু সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ চলবে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে এর প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাও হয়।

ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামিকরে একটা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ছয় জন রোববার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।