২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ নারী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবাগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 08:44 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

উপজেলার অমৃতাপুর থেকে বৃহস্পতিবার ভোরে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানিয়েছেন।

গ্রেপ্তার কবিতা আক্তার রুমা (৩০) মুন্সীগঞ্জ সদর উপজেলার মোহাম্মদ মিনারের স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকে জাল টাকা, জাল নোট সদৃশ ছাপ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ছাপ, ভারতীয় রুপির জলছাপযুক্ত পেপার, চারটি রাসায়নিকের কৌটা, লোহার অ্যাঙ্গেল, জাল টাকা তৈরির স্টিলের পাতা, সুতা বসানো পাতাসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

“তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা তৈরি ও সরবরাহের সিন্ডিকেটের হোতা ওই নারীর স্বামী মিনার (৪৫) পালিয়ে যায়।”

তাকেসহ জাল টাকা তৈরির সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শাহাবুদ্দিন কবীর আরও জানান, এই চক্রটি অত্যন্ত উন্নতমানের কাগজ - যা সচরাচর মার্কেটে পাওয়া যায় না - এক হাজার টাকার নোটের সাইজে কেটে বিভিন্ন ডাইসের মাধ্যমে প্রিন্ট করত।

কেরানীগঞ্জ মডেল থানার অমৃতাপুর এলাকা নিরিবিলি বলে এখানেই তারা জাল টাকা তৈরির কারখানাটি স্থাপন করে বলে জানিয়েছেন ওই নারী।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।