২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস পরীক্ষায় ‘বাড়তি’ ফি: ল্যাব অ্যাসিস্ট্যান্টকে শোকজ

নেত্রকোণায় করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষায় বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ওঠার পর এক ল্যাব অ্যাসিস্ট্যান্টকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনও করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2021, 09:04 PM

Updated : 02 Aug 2022, 05:47 PM

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মো. শামসুল আলম জানান, মঙ্গলবার এই হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট সাদ্দাম হোসেন খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

“এছাড়া আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে শনিবার ‘নেত্রকোণায় কোভিড-১৯ পরীক্ষায় বেশি টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে।

ডা. শামসুল আলম বলেন, কর্তব্য কাজে অবহেলা, গাফিলতি ও রশিদবিহীন অতিরিক্ত ফি আদায়ের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে কারণ দর্শাও নোটিশে।

“এছাড়া উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবীর সরকারকে প্রধান ও চিকিৎসা কর্মকর্তা শাকের আহমেদকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তারা সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।”

তদন্ত কমিটির প্রধান সুবীর সরকার বলেন, “দুপুরে চিঠি পেয়েছি। কমিটির অন্য সদস্যদের নিয়ে বৈঠক করে কাজ শুরু করব। সাত কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে।”

গত শনিবার মোহনগঞ্জ পৌর শহরের রাউৎপাড়ার বাসিন্দা ফরিদা ইয়াসমিন লিখিতভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় সরকার নির্ধারিত ১০০ টাকার স্থলে ২০০ টাকা নেওয়ার অভিযোগ করেন।

পুরনো খবর:

নেত্রকোণায় কোভিড-১৯ পরীক্ষায় বেশি টাকা নেওয়ার অভিযোগ