২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে মামলা নেওয়ার আদেশ

ঠাকুরগাঁওয়ে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় বিজিবির বিরুদ্ধে তিনটি মামলা নথিভুক্ত করার আদেশ দিয়েছে আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 06:48 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

ঠাকুরগাঁও হরিপুর অঞ্চলের বিচারিক হাকিম আদালত মঙ্গলবার এ আদেশ দিয়েছে বলে আইনজীবী নূরুল ইসলাম জানান।

বাদীপক্ষের আইনজীবী নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক ফারহানা খান বিজিবির বিরুদ্ধে দাখিল করা পৃথক তিনটি অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য হরিপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষের মধ্যে বিজিবির গুলিতে তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন।

এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি নিহত তিনজনের পরিবার বিজিবির বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগ দেয়।

আইনজীবী নূরুল বলেন, “অভিযোগ আমলে নিয়ে আদালত মামলা নথিভুক্ত করার পাশাপাশি দ্রুত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছে আদালত। আগামী ১১ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিনও ঠিক করে দিয়েছে আদালত।

“সব মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বেতনা ক্যাম্পের নায়েক হাবিবুল্লাহ, নায়েক দেলোয়ার হোসেন, সিপাহী হাবিবুর রহমান, সিপাহী মুরসালিন, সিপাহী বায়রুল ইসলাম ও নায়েক সুবেদার জিয়াউর রহমানকে আসামি করা হয়েছে।”

অন্যদিকে ঘটনার দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি বেতনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জিয়াউর রহমান হরিপুর থানায় পৃথক দুটি মামলা করেন। একটি মামলায় নিহত নবাব ও সাদেকসহ আরও একজনকে আসামি করা হয়। আরেক মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আদালত থেকে কাগজপত্র আসেনি। কাগজপত্র হাতে পেলে নথিভুক্ত করার পর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

পুরনো খবর:

ঠাকুরগাঁওয়ে গুলিতে নিহতদের বিরুদ্ধেই বিজিবির মামলা
গরু জব্দ করা নিয়ে সংঘর্ষ, বিজিবির গুলিতে নিহত ৩