২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার তথ্য গোপন, রব্বানীর মনোনয়নপত্র বাতিল

উচ্চ আদালতের নির্দেশে রংপুর-৫ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হলেও শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে।

আফতাবুজ্জামান হিরু

রংপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2018, 03:55 PM

Updated : 08 Apr 2022, 07:26 PM

‘মামলার তথ্য গোপন করায়’ জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এনামুল হাবিব বৃহস্পতিবার বেলা ১২টায় শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

তিনি বলেন, “গোলাম রব্বানী তার হলফনামায় ১৫টি মামলার কথা উল্লেখ করলেও দুটির তথ্য গোপন করেছেন। সেই সঙ্গে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র এখন পর্যন্ত মন্ত্রণালয় গ্রহণ না করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হল।”

গোলাম রব্বানী জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক আমির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী তিনি।

গত সোমবার গোলাম রব্বানীর আবেদনের পর হাই কোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করে।

হাই কোর্টের এ আদেশের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবিব আপিল বিভাগে আবেদন করেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ বুধবার তার আবেদন নিষ্পত্তি করে রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে বাছাইয়ের নির্দেশ দেয়।

রব্বানীর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, “যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে কোনো পক্ষ আপিল করলে, সে আপিল ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

“আমাদের সবকিছু বৈধ আছে। আমরা পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছি।”

পুরনো খবর:

জামায়াতের রব্বানীর মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে বাছাইয়ের নির্দেশ