জামায়াতের রব্বানীর মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে বাছাইয়ের নির্দেশ
একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক আমির গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে বাছাইয়ের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ বুধবার রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেয়।
আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির। রিটার্নিং অফিসারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইন অনুসারে যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
“যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে কোনো পক্ষ আপিল করলে, সে আপিল ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।”
গত সোমবার গোলাম রব্বানীর আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করে।
হাই কোর্টের এ আদেশের বিরুদ্ধে রংপুরের রিটার্নিং অফিসার আপিল বিভাগে আবেদন করেন।
এ বিষয়ে প্রতিকার চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করেও কোনো ফল না পেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন রব্বানী।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারায় আদালতের আদেশে নিবন্ধন হারিয়েছে। পরে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
নিবন্ধন না থাকলেও জামায়াত নেতাদের দুইভাবে নির্বাচন করার সুযোগ রয়ে গেছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন, আবার নিজেদের পরিচয় বাদ দিয়ে সরাসরি অন্য দলের প্রার্থী হিসেবে ওই দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারেন।
এবারের নির্বাচনে অন্তত ২৪টি আসনে ধানের শীষের প্রত্যয়ন নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত নেতারা। আরও ডজনখানেক আসনে জামায়াত নেতাদের মনোনয়নপত্র জমা পড়ে স্বতন্ত্র হিসেবে।
গত রোববার বাছাই শেষে দণ্ডিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীসহ জামায়াতের বেশ কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়েই লড়বেন তারা।
