ধানের শীষের প্রার্থী জামায়াতের রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক আমির গোলাম রব্বানীর মনোনয়ন পত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়।
আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
আইনজীবী শিশির মনির পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ না করা কেন ‘অবৈধ’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট।
দুই সপ্তাহের মধ্যে রংপুরের রিটার্নিং কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে এবং রুল নিষ্পত্তি হওয়ার আগে ‘দ্রুত’ তার মনোনয়নপত্র গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
“দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা।”
এ বিষয়ে প্রতিকার চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় এই রিট আবেদন করেছেন বলে জানান রব্বানী।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারায় আদালতের আদেশে নিবন্ধন হারায়। পরে তাদের প্রতীক দাঁড়িপাল্লাও প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
নিবন্ধন না থাকলেও জামায়াত নেতাদের দুইভাবে নির্বাচন করার সুযোগ রয়ে গেছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন, আবার নিজেদের পরিচয় বাদ দিয়ে সরাসরি অন্য দলের প্রার্থী হিসেবে ওই দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারেন।
এবারের নির্বাচনে অন্তত ২৪টি আসনে ধানের শীষের প্রত্যয়ন নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত নেতারা। আরও ডজনখানেক আসনে জামায়াত নেতাদের মনোনয়নপত্র জমা পড়ে স্বতন্ত্র হিসেবে।
রোববার বাছাই শেষে দণ্ডিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীসহ জামায়াতের বেশ কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়েই লড়বেন তারা।
