না.গঞ্জে প্রবীর হত্যা: পিন্টুর স্বীকারোক্তি
নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যায় গ্রেপ্তার পিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার দুপুরে শুরু করে রাত সোয়া ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ বিচারিক হাকিম মেহেদী হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি নেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম জানান, এর আগে পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় পিন্টুকে।
এসআই মফিজুল আরও জানান, গত ১২ জুলাই পিন্টুর মালিকানাধীন কালিরবাজারের পিন্টু স্বর্ণ শিল্পালয় থেকে প্রবীর চন্দ্র ঘোষের পাঁচ ভরি স্বর্ণালংকার ও এক লাখ নব্বই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গত ১৮ জুন নারায়ণগঞ্জের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ। এই ঘটনায় প্রবীরের বাবা ভোলানাথ চন্দ্র ঘোষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
নিখোঁজের তিন দিন পর প্রবীরের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষের মোবাইলে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়।
পরবর্তীতে ডিবি পুলিশ প্রবীর নিখোঁজের ঘটনায় কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ ও তার দোকানের কারিগর বাপেন ভৌমিককে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর আমলাপাড়া ১৫ কেসি নাগরোড এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডুর মালিকানাধীন চার তলা বাড়ির পিন্টু দেবনাথের ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তিনটি প্লাস্ট্রিকের বস্তায় ৫ টুকরো লাশ উদ্ধার করা হয়। তবে সেখানে দুটি পা পাওয়া যায়নি।
পরে পুলিশ গ্রেপ্তার পিন্টু দেবনাথ ও বাপেন ভৌমিককে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বুধবার রাতে ডিবি পুলিশ পিন্টু দেবনাথের দেখানো মতে ড্রেন থেকে পা দুটি উদ্ধার করে।
