নারায়ণগঞ্জে ব্যবসায়ী প্রবীর ঘোষের দুই পা উদ্ধার
নারায়ণগঞ্জের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের খণ্ডিত গলিত দুই পা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া কেসি রোড এলাকার নর্দমা থেকে পা দুটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে আমলপাড়ার পিন্টু দেবনাথের ভাড়া বাড়ি থেকে ডিবি পুলিশ প্রবীর ঘোষের তিন বস্তাবন্দি পাঁচ টুকরো লাশ উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সুপার নূরে আলম জানান, রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া কেসি নাগ রোড এলাকার পিন্টু দেবনাথের ভাড়া বাড়ির উত্তরে পচা নর্দমা থেকে একটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি দুটি গলিত পা উদ্ধার করা হয়।
“স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথের দেখানো মতে ২৪ ঘণ্টা পর হাঁটুর নিচের অংশের পায়ের ওই অংশ দুটি উদ্ধার করা হয়।”
গত ১৮ জুন নারায়ণগঞ্জের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ। এই ঘটনায় ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের বাবা ভোলানাথ চন্দ্র বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
নিখোঁজের তিন দিন পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষের মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। পরবর্তীতে ওই ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরবর্তীতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশ প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজের ঘটনায় কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ ও তার দোকানের কারিগর বাপেন ভৌমিককে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর আমলাপাড়া ১৫ কেসি নাগরোড এলাকার একটি চার তলা বাড়িতে পিন্টু দেবনাথের ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ৫ টুকরো লাশ উদ্ধার করা হয়। তবে সেখানে দুটি পা পাওয়া যায়নি।
