২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দিনেও খোঁজ মেলেনি নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের

নারায়ণগঞ্জে নিখোঁজের ১১ দিন পরেও খোঁজ মেলেনি স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 11:45 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

প্রবীর ঘোষের সন্ধান দাবিতে বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা।

১১ দিনেও প্রবীর ঘোষকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

গত ১৮ জুন রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কের বালির মাঠের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ভোলানাথ জুয়েলার্সের মালিক প্রবীর চন্দ্র ঘোষ। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই ঘটনায় ১৯ জুন তার বাবা সোমি ভোলানাথ চন্দ্র ঘোষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের তিন দিন পর প্রবীর চন্দ্র ঘোষের মোবাইল ফোন থেকে তার ভাই বিপ্লব চন্দ্র ঘোষের কাছে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে একটি এসএমএস পাঠানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ কমল দেব, সদস্য সাইফুল ইসলাম, প্রবীর ঘোষের বাবা ভোলা নাথ চন্দ্র ঘোষ, স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি অরুণ দত্ত, সাধারণ সম্পাদক মুকুল মজুমদার প্রমুখ।

এ ব্যাপারে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ প্রবীর ঘোষকে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।