ব্যবসায়ী প্রবীর হত্যায় জড়িত অংশীদার: ধারণা পুলিশের
নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যায় তার ব্যবসায়িক অংশীদার জড়িত বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সুপার (এসপি) মঈনুল হক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, গ্রেপ্তার ব্যবসায়ী পিন্টু দেবনাথ ও তার কারিগর সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেনের বিরোধের সূত্র ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ১৮ জুন নারায়ণগঞ্জের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ। এই ঘটনায় প্রবীরের বাবা ভোলানাথ চন্দ্র ঘোষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রবীর নিখোঁজের ঘটনায় পুলিশ কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ ও তার দোকানের কারিগর বাপেন ভৌমিককে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর আমলাপাড়া ১৫ কেসি নাগরোড এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডুর মালিকানাধীন চার তলা বাড়ির পিন্টু দেবনাথের ভাড়া বাড়ির সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে তিন প্লাস্টিকের বস্তায় পাঁচ টুকরো লাশ উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তার দুই আসামিকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
“আমাদের ধারণা ওই বাড়িতে প্রবীর চন্দ্র ঘোষকে হত্যা করা হয়েছে। পা দুটি উদ্ধারে সেপটিক ট্যাঙ্কের পানি সেচা হলেও তা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পা দুটি হত্যার পর অন্যত্র ফেলা দেওয়া হয়েছে। আমরা পা দুটি উদ্ধারের চেষ্টা করছি।”
এদিকে মঙ্গলবার সকাল থেকে কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কালো পতাকা লাগিয়েছেন। বিকালে লাশ নিয়ে নগরীতে মিছিল করেছেন ব্যবসায়ীরা।
প্রবীরের বাবা ভোলানাথ বলেন, “আমার ছেলেই সংসার চালাত। কিন্তু তাকে নৃশংসভাবে টুকরো টুকরো হত্যা করা হয়েছে। আমার ছেলেকে এভাবে কেউ নৃশংসভাবে হত্যা করবে তা ভাবতে পারিনি। আমরা চাই, আমার ছেলেকে যারা এতো নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির হোক।”
নিহত প্রবীর চন্দ্র ঘোষের বড় মেয়ে অথৈ ঘোষ দিয়া বলেন, “আমার বাবাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদেরকে সেভাবেই শাস্তি দেওয়া হোক। আমি আমার বাবার হত্যার বিচার চাই।”
প্রবীর চন্দ্র ঘোষের ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ বলেন, তার বড় ভাইয়ের সঙ্গে পিন্টু দেবনাথের ব্যবসায়িক সর্ম্পক ছিল।
কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা জানান, প্রবীর চন্দ্র ঘোষের সঙ্গে পিন্টু দেবনাথের বন্ধুত্ব সর্ম্পক ছিল। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেনের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
