২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর খণ্ডিত লাশ সেপটিক ট্যাংকে

নারায়ণগঞ্জের কালিরবাজারের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের বস্তাবন্দি খণ্ডিত লাশ পাওয়া গেছে একটি সেপটিক ট্যাংকের ভেতরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 01:06 AM

Updated : 25 Jul 2022, 08:36 PM

নিখোঁজের ২২ দিন পর সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর আমলাপাড়া এলাকায় রাশেদুল ইসলাম ঠান্ডুর বাড়ির সেপটিক ট্যাংকে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবীরের (৭০) লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে খুনিদের শাস্তি দাবি করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কালিরবাজারের পিন্টু শিল্পালয়ের মালিক পিন্টু সরকার (৩৫) ও তার দোকানের কারিগর বাপেন ভৌমিক (২৪)।

পুলিশ বলছে, প্রবীর ঘোষের সঙ্গে পিন্টু সরকারের ব্যবসায়িক লেনদেন ছিল। এই লেনদেনের জের ধরে তাকে বাসায় ডেকে নিয়ে এসে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিন্টু সরকার ও বাপেনকে সোমবার সকালে আটক করা হয়।

“জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে রাত সাড়ে ১১টার দিকে রাশেদুল ইসলাম ঠাণ্ডুর বাড়িতে সেপটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় ভরা প্রবীর ঘোষের ৫ টুকরো লাশ উদ্ধার করা হয়।”

ওই বাড়িতে পিন্টু ভাড়া থাকেন। গত ১৮ জুন সেখানেই প্রবীরকে হত্যা করা হয়েছিল বলে পুলিশ জানায়।

গত ১৮ জুন নগরীর বঙ্গবন্ধু সড়কের কাদের হাজীর বাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন কালিরবাজারের ভোলানাথ জুয়েলার্সের মালিক প্রবীর।

নিখোঁজের তিন দিন পর প্রবীর ঘোষের ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষের মোবাইল ফোনে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

প্রবীরকে উদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী মালিকরা বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন।