নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
নওগাঁর রাণীনগর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম উদ্দিন হত্যা মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, নিহত আজিমের বড়ভাই শহিদুল ইসলাম শহীদ ২৭ জনের নাম উল্লেখসহ ৪০ জনের বিরুদ্ধে রোববার গভীর রাতে রানীনগর থানায় হত্যা মামলা করেন।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এরা হলেন- রানীনগর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন সায়েম, তার সহযোগী মাসুম, আব্দুল আজিজ, রাহিম ও আলম।
উপজেলার সৌখিনপাড়া গ্রামের সৌখিন উদ্দিনের ছেলে আজিম উদ্দিন স্থানীয় টালিগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
রাণীনগর উপজেলার করজগ্রাম সৌখিনপাড়া গ্রামের একটি সরকারি পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে রোববার দুই পক্ষের সংঘর্ষের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজিমকে হত্যা করা হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার বেলা ১২টার দিকে আজিমউদ্দিনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ জানায়, করজগ্রাম সৌখিনপাড়া গ্রামের মসজিদের পাশে সরকারি পুকুরটি তিন বছর পর পর টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়।
সম্প্রতি ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় টেন্ডারের মাধ্যমে পুকুরটি উপজেলার লোহাচুড়া মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা পায়।
কিন্তু প্রায় দুমাস অতিবাহিত হয়ে গেলেও গ্রামবাসীরা সেই পুকুর হস্তান্তর না করায় নতুন ইজারাদাররা ওই পুকুরে মাছ ছাড়তে গেলে গ্রামবাসীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি সিদ্দিকুর বলেন, বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে; বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
