খুলনা নির্বাচন: খালেক-মঞ্জুর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি
আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জুকে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার।
রোববার বিকালে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক এব্য বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর কাছে এ চিঠি পাঠানো হয় বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী।
তিনি বলেন, শনিবার এই দুই মেয়র পদপ্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
“ওই দুটি অভিযোগ আমলে নিয়ে সোমবার বিকাল ৪টার মধ্যে এই দুই প্রার্থীকে ব্যাখ্যা দিতে চিঠি পাঠানো হয়েছে।”
ইউনুচ আলী জানান, বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, ২০ এপ্রিল রাতে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুন অর রশিদসহ জেলার নেতারা ইউনাইটেড ক্লাবে নৌকা প্রতীকের ব্যানার টানিয়ে সভা করেন। সেখান থেকে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।
এ খবর শনিবার স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তাদের এ কর্মকাণ্ড খুলনা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন বলে জানান ইউনুচ।
তিনি আরও বলেন, একই দিনে নির্বাচন কমিশনকে দেওয়া আবেদনে তালুকদার আব্দুল খালেক বলেন- বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গত ১৮ এপ্রিল বুধবার খুলনা প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংকালে রঙিন ব্যানার ব্যবহারসহ সেখানে ধানের শীষ প্রতীক ব্যবহার করেছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘিন। ১৯ এপ্রিল পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়েছে।
ইউনুচ আলী বলেন, “দুটি অভিযোগ আমরা পেয়েছি, যা নির্বাচনী আচরণ বিধিমালার ২০১৬ এর বিধি ৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। ফলে সোমবার বিকাল ৪টার মধ্যে দুই প্রার্থীকে তাদের ব্যাখ্যা লিখিতভাবে জানানোর জন্য পৃথক দুটি চিঠি দেওয়া হয়েছে।”
তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।
