সিলেটে সাংবাদিক পেটানোর মামলায় আ. লীগ নেতা রিমান্ডে
সিলেট আদালতে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হোফাজতে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এই আদেশ দেন।
গত ৩ ডিসেম্বর আদালতে ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের আলোকচিত্রি মামুন হাসান। পরদিন নিরানন্দ পাল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মহানগর আদালতের এপিপি মাহফুজুর রহমান বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার এসআই হাদিউল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকত আলীকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিতে জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে হোসাইন আহমদ নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় লিয়াকতসহ ৭৭ জনের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা করেন নিহতের ভাই আমিন আহমদ।
মামলার ৩৪ আসামি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। এই জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার ৩১ আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওইদিন সাংবাদিকরা আসামিদের ছবি তুলতে গেলে মারধরের শিকার হন।
