সিলেট আদালতে সাংবাদিক পেটাল আসামি আ. লীগ নেতার অনুসারীরা
সিলেটের জৈন্তাপুরে পাথর কোয়ারিতে জমি দখল নিয়ে সংঘর্ষের মামলার আসামি এক আওয়ামী লীগ নেতার অনুসারীরা আদালতের বাইরে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান।
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারীদের হামলায় আহত দুই সাংবাদিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হামলার বিষয়ে লিয়াকত আলীর অনুসারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, গত ৩ ডিসেম্বর জৈন্তাপুরের পাথর কোয়ারিতে জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে হোসাইন আহমদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন।
শহীদুজ্জামান বলেন, বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ৩১ আসামি জামিনের আবেদন করেন। বিচারক আতিকুল হায়দার চৌধুরী লিয়াকত আলীসহ ৩০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিরানন্দ পাল বলেন, এ সময় সাংবাদিকেরা ভিডিও ফুটেজ তুলতে গেলে আদালতের বারান্দায় লিয়াকত আলীর অনুসারীরা তাদের উপর হামলা চালায় ও ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করে।
