২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সাংবাদিক পেটানোর মামলায় ২২ আসামি

সিলেট আদালতে দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 07:09 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

আহত সাংবাদিক নিরানন্দ পাল বাদী হয়ে শুক্রবার সকালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি গৌসুল হোসেন জানান।

বৃহস্পতিবার আদালতে ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের আলোকচিত্রি মামুন হাসান।

ওসি বলেন, এজাহারে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে প্রধান আসামি এবং ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিতে জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে হোসাইন আহমদ নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় লিয়াকতসহ ৭৭ জনের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা করেন নিহতের ভাই আমিন আহমদ।

মামলার ৩৪ আসামি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। এই জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার ৩১ আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওইদিন সাংবাদিকরা আসামিদের ছবি তুলতে গেলে মারধরের শিকার হন।